কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর মেমোরি চিপের চাহিদা অব্যাহত থাকায় দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকস চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় পরিচালন মুনাফা প্রায় ১৯ গুণ বাড়ার পূর্বাভাস দিয়েছে।
কোম্পানির এক বিবৃতিতে জানানো হয়েছে, এপ্রিল-জুন প্রান্তিকে পরিচালন মুনাফা ৮৯ দশমিক ৪ ট্রিলিয়ন ওন (প্রায় ৫ হাজার ৮৪০ কোটি মার্কিন ডলার) হতে পারে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১ হাজার ৮১০ শতাংশ বেশি।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
বিশ্বের বৃহত্তম মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য ডেটা সেন্টারে ব্যবহৃত উন্নতমানের মেমোরি চিপের বৈশ্বিক চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। এর ফলে দক্ষিণ কোরিয়ার বড় সেমিকন্ডাক্টর কোম্পানিগুলো চলতি বছর রেকর্ড মুনাফা অর্জন করছে।
এই প্রবৃদ্ধির কারণে কর্মীদের বেতন বৃদ্ধির দাবিও জোরালো হয়েছে। তবে মে মাসে কর্মীদের বোনাস নিয়ে সমঝোতায় পৌঁছানোর পর স্যামসাং বড় ধরনের ধর্মঘট এড়াতে সক্ষম হয়।
দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপের নিজস্ব তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠানের বরাতে জানিয়েছে, বাজারের পূর্বাভাসের চেয়ে স্যামসাংয়ের এই মুনাফার হিসাব ৬ দশমিক ২ শতাংশ বেশি এবং এটি টানা আরেকটি ত্রৈমাসিক রেকর্ড।
স্যামসাং জানিয়েছে, একই সময়ে তাদের আয় ১২৯ শতাংশ বেড়ে ১৭১ ট্রিলিয়ন ওনে পৌঁছাতে পারে। চলতি মাসের শেষ দিকে কোম্পানিটি চূড়ান্ত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
স্যামসাং ও দেশটির আরেক শীর্ষ প্রতিষ্ঠান এসকে হাইনিক্স দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নতুন সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে ৮০০ ট্রিলিয়ন ওনের একটি বৃহৎ সরকারি-বেসরকারি বিনিয়োগ প্রকল্পে যুক্ত রয়েছে।
তবে কিছু বিশ্লেষক মনে করছেন, এআই অবকাঠামো খাতে বিনিয়োগে সম্ভাব্য ধীরগতি বর্তমান মেমোরি চিপ বাজারের জন্য সবচেয়ে বড় ঝুঁকি হতে পারে।
কাউন্টারপয়েন্ট রিসার্চের গবেষণা বিশ্লেষক এমএস হোয়াং অবশ্য বলেছেন, সরবরাহকারীদের উৎপাদন সক্ষমতা ও গ্রাহকদের চাহিদার মধ্যে ব্যবধান কমছেÑএমন কোনো প্রমাণ তিনি দেখছেন না।
তিনি এএফপিকে বলেন, ‘কম প্রতিযোগিতামূলক কিছু প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ডেটা সেন্টার প্রকল্প বিলম্বিত হতে পারে, তবে এটিকে এআই অবকাঠামো বিনিয়োগে ব্যাপক মন্দা হিসেবে দেখা অতিরঞ্জিত হবে।’