আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে লটারির মাধ্যমে প্রশ্নের সেট নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন।
রোববার সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ তথ্য জানান। তিনি বলেন, পরীক্ষার ২৫ মিনিট আগে প্রশ্নের সেট নির্ধারণ হবে, লটারির মাধ্যমে ঢাকা বোর্ড সেট নির্ধারণ করবে। তিনি আরও বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতেই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এছাড়া এসএসসির মত এইচএসসিতেও পরীক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার হলে স্ব স্ব আসনে উপস্থিত থাকতে হবে বলেও জানান তিনি।চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২ এপ্রিল থেকে সারাদেশে একযোগে শুরু হবে। তত্ত্বীয় পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। ১৪ থেকে ৩০ মে পর্যন্ত হবে ব্যবহারিক পরীক্ষা।
প্রতি বারের ন্যায় এবারও শুরুতে বহুনির্বাচনী (এমসিকিউ) অংশ এবং পরে রচনামুলক অংশের পরীক্ষা হবে। ৩০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় আড়াই ঘণ্টা। ব্যবহারিক ২৫ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার সময় ২৫ মিনিট এবং সৃজনশীল অংশের জন্য দুই ঘণ্টা ৩৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।
এ পরীক্ষা সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ডের প্রতিনিধিদের নিয়ে রোববার বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এসময় শিক্ষা মন্ত্রণালয়ের দুইটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশগ্রহণ করেন।
এমআর/