
চট্টগ্রামের বাঁশখালীতে চেকপোস্টে থামানোর সংকেত অমান্য করে পালানোর সময় মোটরসাইকেল দুর্ঘটনায় শহীদ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে। একইসঙ্গে মোটরসাইকেল আরোহীদের ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
গতকাল বুধবার দুপুরে বাঁশখালী উপজেলার দক্ষিণ পুঁইছড়ি ফুটখালী ব্রিজসংলগ্ন পুলিশ চেকপোস্টে এই দুর্ঘটনা ঘটে।
পরে প্রায় ১০ কিলোমিটার দূরে গন্ডামারা ইউনিয়নের মহল্লাপাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যু হয় বলে জানায় পুলিশ।
দুর্ঘটনায় নিহত শহীদ কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ভোমরিয়াঘোনা এলাকার বাসিন্দা। আহত আরিফ আবদুল্লাহ (২৫) কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী এলাকার বাসিন্দা। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, চেকপোস্টে দায়িত্ব পালনকালে বাঁশখালী থানার এসআই জামাল হোসেন, কনস্টেবল ওয়াসিম ও কনস্টেবল রাসেল একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেন। তবে আরোহীরা সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যান।
পালানোর সময় মোটরসাইকেল আরোহীরা একটি কমলা রঙের ব্যাগ ফেলে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি বলেন, মোটরসাইকেলটির পিছু নেয়া হলেও কিছুদূর যাওয়ার পর সেটি দৃষ্টির আড়ালে চলে যায়। পরে মোটরসাইকেলটি গন্ডামারা ইউনিয়নের মহল্লাপাড়া এলাকায় একটি স্পিডব্রেকার বা আইল্যান্ডে ধাক্কা খেয়ে দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুই আরোহীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শহীদের মৃত্যু হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বাসস’কে জানান, চেকপোস্টে ফেলে যাওয়া ব্যাগ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।