মাদারীপুর আহমাদিয়া কামিল মাদ্রাসায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ইব্রাহিম বেপারী (২৪) নামের এক কলেজ শিক্ষার্থীকে আটক করেছে পরীক্ষা পরিদর্শক।
সোমবার সকালের এ ঘটনায় ওই শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোর্পাদ করা হয়।
পুলিশ ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে কামিল শেষ বর্ষের বোখারি বিষয়ের পরীক্ষা শুরু হয়। এ সময় অপরিচিত এক শিক্ষার্থীকে দেখে পরীক্ষা পরিদর্শক সামচুল আজমের সন্দেহ হয়। তার প্রবেশপত্র ও অন্যান্য কাগজপত্রে গড়মিল পান তিনি। পরে কেন্দ্র সুপার ও পুলিশকে জানালে ওই শিক্ষার্থীকে আটক করা হয়।
আটক ইব্রাহিম সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের ইসমাইল বেপারীর ছেলে। সে সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজী বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র বলে দাবি করেছে। ইব্রাহিম একই এলাকার আব্দুর রব মীরের ছেলে ও মাদারীপুর আহমাদিয়া কামিল মাদ্রাসার ছাত্র সাকিবুল মীরের কামিল শের্ষ বর্ষের বোখারির বিষয়ের প্রক্সি পরীক্ষা দিতে এসেছিল।
এ ব্যাপারে কেন্দ্র সচিব মাদারীপুর আহমাদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ শাহাদাত হোসেন জানান, ওই ছাত্রের ব্যাপারে কেন্দ্র পরিদর্শক লিখিত অভিযোগ করেছেন। তার বিরুদ্ধে মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরএম/