নতুন জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ কার্যকর হওয়ার পর রংপুর মহানগরে প্রথমবারের মতো এ আইনে মামলা হয়েছে। রংপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে একটি জুয়ার আসর থেকে চারজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, ৮ জুলাই দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানগরের হাজীরহাট থানার ১০ নম্বর ওয়ার্ডের পশ্চিম গিলাবাড়ি এলাকায় আবু মুসার বাড়ির রান্নাঘরে অভিযান চালায় ডিবির একটি দল। এ সময় জুয়া খেলার অভিযোগে চারজনকে হাতেনাতে আটক করা হয়।
আটকরা হলেনÑআবু বক্কর সিদ্দিক (২৭), আবু মুসা (৩০), নাজমুল ইসলাম (৩৬) এবং শ্যামল চন্দ্র রায় (৩১)।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার ডিসি (ডিবি) সনাতন চক্রবর্তী বাসস’কে জানান,আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। নতুন আইন কার্যকর হওয়ার পর রংপুর মহানগরে এটিই এ আইনের অধীনে প্রথম মামলা।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বাসস’কে বলেন, নতুন আইন কার্যকর হওয়ার পর থেকে জুয়া দমনে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। মহানগরে জুয়া, মাদক ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।