মার্কিন দ্বীপ রোটায় সুপার টাইফুন বাভির তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি

ক্যাটাগরি-৫ হারিকেনের সমতুল্য শক্তি সম্পন্ন একটি ‘সুপার টাইফুন’ সোমবার প্রশান্ত মহাসাগরের মার্কিন দ্বীপ রোটাকে আঘাত করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে ইতোমধ্যেই ‘ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানায়, সুপার টাইফুন বাভির পশ্চিম আইওয়াল বর্তমানে রোটা দ্বীপের ওপর দিয়ে অতিক্রম করছে। এতে ঘণ্টায় সর্বোচ্চ ১৮০ মাইল (২৯০ কিলোমিটার) বেগে বাতাস বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক সতর্কবার্তায় জানানো হয়, বাসিন্দাদেরকে এই তীব্র ঝড়কে টর্নেডোর মতো বিপজ্জনক হিসেবে ধরে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

রোটা মিউনিসিপাল অপারেশন সেন্টারের জনসংযোগ কর্মকর্তা লু রোসারিও জানান, দ্বীপটির প্রায় ১,৫০০ বাসিন্দার মধ্যে অনেকেই ইতোমধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি। এখানে প্রচণ্ড বাতাস ও বন্যা হচ্ছে। ইতোমধ্যে অনেকেই ব্যাপক ক্ষতির কথা জানাচ্ছেন।’

তিনি আরও জানান, একটি টেলিযোগাযোগ টাওয়ার ভেঙে পড়ায় কিছু এলাকায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে।

এনডব্লিউএস আবহাওয়াবিদ ল্যান্ডন আইডলেট ফেসবুক লাইভ এক ব্রিফিংয়ে জানান, রোটা দ্বীপ পুরোপুরি ঝড়ের মধ্যে রয়েছে এবং সেখানে সর্বোচ্চ ১৮০ মাইল বেগে বাতাস বয়ে যাওয়ার রেকর্ড করা হয়েছে।

তিনি বলেন, টিনিয়ান দ্বীপ, গুয়ামের উত্তরাঞ্চল এবং সাইপানের দক্ষিণাঞ্চলে ক্যাটাগরি-১ হারিকেনের সমতুল্য  শক্তির বাতাস বয়ে গেছে।

তিনি আরও জানান, ‘সুপার টাইফুন বাভি এখন এলাকা ছেড়ে যাচ্ছে। ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে, যা আমাদের জন্য ভালো খবর।’

এর আগে, আবহাওয়া বিভাগ সতর্ক করেছিল যে রোটায় সরাসরি আঘাত হানলে দ্বীপটির বেশিরভাগ এলাকা কয়েক সপ্তাহ বা তারও বেশি সময়ের জন্য বসবাসের অনুপযোগী হয়ে পড়তে পারে।