জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এক মতবিনিময় ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টিএমএ মমিন, জেলা ড্যাবের সভাপতি ডা. মো. ইসকেন্দার হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মো. আজম প্রমুখ।
সভায় জানানো হয়, আগামী ২৮ জুন জেলার ১১টি উপজেলা ও ৩টি পৌরসভায় ২ হাজার ৪৬০টি টিকা কেন্দ্রে একযোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে মোট ৩ লাখ ৫৭ হাজার ৫৫৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এ লক্ষে স্বাস্থ্যপরিদর্শক, সহকারী স্বাস্থ্যপরিদর্শক, এফডব্লিউএ, এফপিআই, সিএইচসিপি ও স্বেচ্ছাসেবীরা কাজ করছে। যেখানে ৬-১১ মাস বয়সী ৩৪ হাজার ৭৬৫ জন শিশুকে নীল রংয়ের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৩ লাখ ২২ হাজার ৭৯৩ জন শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে।
সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম বাসস’কে বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শতভাগ বাস্তবায়নে কর্মী ও স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ প্রদান এবং আপসের মাধ্যমে ক্যাম্পেইন মনিটরিং করা হবে। এছাড়া ব্যাপক প্রচারের লক্ষে ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডসমূহে মাইকিং ও মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে ‘ভিটামিন এ’ প্লাস এর প্রচার করা হবে।
এ সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও জেলার প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।




