রাজবাড়ীর কালুখালী উপজেলায় ৫ কিলোমিটার খাল পুনঃখনন এবং ২ হাজার বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার সাড়ে ১১টার দিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায় কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নে ৫ কিলোমিটার খাল পুনঃখনন প্রকল্পও ২ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
এ খালটি কুমোরগাড়া বিল থেকে গড়াই টিকরির বিল হয়ে মুনাই বিল পর্যন্ত বেতবাড়ীয়া পর্যন্ত বিস্তৃত।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিমাই চন্দ্র রায়, মাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন বাসস’কে বলেন, ‘প্রধানমন্ত্রীর অগ্রাধিকার পাইলটিং প্রকল্প হিসেবে মাজবাড়ী ইউনিয়নে ৫ কিলোমিটার খাল পুনঃখননের কাজ চলমান রয়েছে। আশা করি নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হবে।’
তিনি আরও বলেন, ‘তাল গাছ বিপন্ন প্রায়। অথচ তাল গাছ বজ্রপাতসহ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমিয়ে দেয়। এ বিবেচনায় খালের দুই পাশে তাল গাছের চারা রোপণের উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে ২শ’টি তাল গাছের চারা রোপণ করা হয়েছে এবং মোট ২ হাজার গাছের চারা রোপণের পরিকল্পনা নেয়া হয়েছে। আগামী ১ সপ্তাহের মধ্যেই বৃক্ষরোপণ কার্যক্রম পুরোপুরি সম্পন্ন করা হবে।’
স্থানীয় কৃষক আব্দুল মাজেদ মন্ডল (৫৫) বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাসনামলে খাল কাটা হয়েছিল। পরে এটি প্রায় ভরাট হয়ে গিয়েছিল। এবার খালটি পুনঃখনন করায় আমরা অত্যন্ত আনন্দিত। খাল পুনঃখননের ফলে পানি ধারণক্ষমতা বৃদ্ধি পাবে। আমাদের ফসলের সেচ সুবিধা বাড়বে এবং কৃষি জমির উর্বরতা ফিরে আসবে। এছাড়া খালের দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগকে তারা স্বাগত জানান।
কৃষক চোরাপ মিয়া (৪০) বলেন, এসব গাছ বড় হলে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বজ্রপাতের হাত থেকেও আমরা রক্ষা পাব।




