পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মেধা অন্বেষণে অনুষ্ঠিত ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আজ রোববার দুপুরে প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত ফলাফলে সারাদেশে প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ কোটায় ৪৬,২৮১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্র ৩৫, হাজার ৮৯২ জন এবং ছাত্রী ৪৩ হাজার ৩৫৪ জন। ফলাফলে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে।
আজ রোববার দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী প্রমুখ।
সংবাদ সম্মেলনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী জানান, ফল প্রকাশের পর অভিভাবকেরা অনলাইন ও মোবাইল এসএমএসের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবেন। অনলাইনে ফল দেখার অফিশিয়াল মাধ্যম হলো ‘আইপিইএমআইএস’ পোর্টাল।




