শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে ফরিদপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

অপপ্রচার, শিষ্টাচার বহির্ভূত কর্মকা- ও রাজনীতির বিরুদ্ধে ফরিদপুর জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় ফরিদপুর শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি সাব্বির আহমেদ দিপু।

এ সময় আরও বক্তব্য রাকেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি মোহাম্মদ মিরাজ আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিব হোসেন সোহাগ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, সিনিয়র সহ সভাপতি এম এম ইউসুফ, জেলা কমিটির সহ সভাপতি কে এম জাফর এবং জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন।

বক্তারা তাদের বক্তব্যে বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামল নিয়ে সমালোচনা করেন এবং দাবি করেন এ সময় দেশের মানুষ বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ -সংগঠনগুলোর যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে যুবদলের নেতা-কর্মীরা রাজপথে সক্রিয় থাকবে।
সমাবেশে বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে এবং এসব তৎপরতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

সমাবেশ শেষে নেতা-কর্মীরা আগামী দিনে সকল ধরনের অপতৎপরতা রুখে দিতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। মিছিল ও সমাবেশে জেলা ও মহানগর যুবদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।