লুইস দিয়াজের দুর্দান্ত পারফরমেন্সে উজবেকিস্তানকে ৩-১ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপের গ্রুপ পর্ব শুরু করেছে কলম্বিয়া।
মেক্সিকোর আজটেকা স্টেডিয়ামে বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড দিয়াজ একটি এ্যাসিস্ট ও একটি গোল করেছেন। তার একটি শট পোস্টে না লাগলে ব্যবধানটা হয়তো আরও বাড়তে পারতো। মেক্সিকো সিটির ৮০ হাজার সমর্থকদের সামনে উজবেকদের বিপক্ষে কলম্বিয়ার লড়াকু পারফরমেন্স অনেক দলের জন্যই হুমকির বার্তা হতে পারে।
৪০ মিনিটে দিয়াজের লফটেড পাস থেকে ড্যানিয়েল মুনোজের ভলিতে এগিয়ে যায় কলম্বিয়া।
৬০ মিনিটে এলডোর শোমুরোডোভের ভলি সেভ হবার পর ফিরতি বলে হেডের সাহায্যে আবোসেক ফায়জুলায়েভ বিশ^কাপের ইতিহাসে উজবেকদের প্রথম গোল উপহার দেবার পাশাপাশি দলকে সমতায় ফেরান। কিন্তু এরপর আর কোন প্রতিরোধই গড়তে পারেনি উজবেকিস্তান। ৬ মিনিট পর দিয়াজের শট আটকাতে পারেননি উজবেক গোলরক্ষক উতকির ইউসুপোভ। ইনজুরি টাইমের একেবারে শেষ মুহূর্তে দুর্দান্ত হেডে জামিনটন কামপাজ কলম্বিয়ার হয়ে তৃতীয় গোল করেন।
দিনের শুরুতে গ্রুপ-কে’র অপর ম্যাচে পর্তুগাল ও কঙ্গো ১-১ গোলে ড্র করায় কলম্বিয়া পূর্ণ তিন পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে।




